লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ১১ পিস ইয়াবাসহ আব্দুল আহা (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল আহা ওই ওয়ার্ডের সমিতির মাঠ এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে আব্দুল আহাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় লালমোহন থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-১৬, জিআর নম্বর-২৩১।
লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন