মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবু মুছা বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল আলম শাহীন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিমুল ইহসান জসিম।
বক্তারা তাঁদের বক্তব্যে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’-এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হাসান রাজিব চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে দেশ ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন