চ্যানেল ভোলা : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর জেলায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় সেনা মোতায়েন কার্যকর থাকবে।
এদিকে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন