নিজস্ব প্রতিবেদক: ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ চার দফা দাবিতে নজিরবিহীন আন্দোলনে নেমেছেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার সর্বস্তরের মানুষ। রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত ও সমন্বিত আন্দোলন এ অঞ্চলে এবারই প্রথম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দাবি আদায়ে ইতোমধ্যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী, বরিশাল নগরীসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ। দিন দিন আন্দোলনের পরিসর আরও বিস্তৃত হচ্ছে। আগামী বুধবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কজুড়ে বিশাল মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের একমাত্র মহাসড়ক ভাঙ্গা-কুয়াকাটা এখনো মূলত দুই লেনের ওপর নির্ভরশীল। অথচ এই সড়ক দিয়েই দক্ষিণাঞ্চলের ১০ জেলার মানুষ চলাচল করেন। একই সঙ্গে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা এবং পায়রা সমুদ্রবন্দরের যানবাহনও এই মহাসড়ক ব্যবহার করে। পদ্মা সেতু চালুর পর সড়কটিতে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। এ কারণে মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে চলতি অর্থবছরের জাতীয় বাজেটে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক সম্প্রসারণ ও ভোলা-বরিশাল সেতু নির্মাণে বিশেষ বরাদ্দ থাকবে বলে আশা করেছিলেন দক্ষিণাঞ্চলের মানুষ। কিন্তু বাজেটে এসব প্রকল্পের উল্লেখযোগ্য বরাদ্দ না থাকায় সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এর প্রতিফলন ঘটেছে জাতীয় সংসদেও।
বাজেট আলোচনায় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালীব রহমান পার্থ, ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদিনসহ আরও কয়েকজন সংসদ সদস্য। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদও ভোলা-বরিশাল সেতু নির্মাণে বাজেটে বরাদ্দ না থাকায় হতাশা প্রকাশ করেন।
গত ২৭ জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়েদুল হক চান বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়াকাটা পর্যটনকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর ও পটুয়াখালী ইপিজেডের কার্যক্রম আরও গতিশীল করতে প্রশস্ত সড়ক যোগাযোগের বিকল্প নেই।
অন্যদিকে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার জানান, দক্ষিণাঞ্চলের উন্নয়ন-সংশ্লিষ্ট এসব দাবির বিষয়ে ভোলা ও বরিশাল অঞ্চলের প্রায় সব সংসদ সদস্য একমত হয়েছেন। তারা শিগগিরই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাবেন বলে আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন