মোঃ শাফায়াত হোসেন সিয়াম: ‘পরিচ্ছন্ন বিদ্যালয়, সুস্থ জীবন’—এই বার্তাকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, হাত ধোয়া কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলার উত্তর-পূর্ব ছোট মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিয়মিত হাত ধোয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
হাত ধোয়া কর্মসূচিতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। খাবারের আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে বিদ্যালয়ে ফেরার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
এ ছাড়া সেমিনারে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে আলোচনা করা হয়। জ্বরসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির অভ্যাস গড়ে তুলতে পারলে তা ভবিষ্যৎ জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীদের মাধ্যমে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার সচেতনতামূলক বার্তা পরিবার ও সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া সম্ভব। তাই স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান, ইভেন্ট সম্পাদক তাওহিদ ইসলাম তাহিন, প্রচার সম্পাদক শাহিন আহমেদ, কার্যকরী সদস্য ইসরাত জাহান তিষা, নুসরাত জাহান তিনা, ফারিয়া, তামজিদ, রিহাদসহ সংগঠনের অন্যান্য সদস্য।
বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, বসুন্ধরা শুভসংঘের সদস্য ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। পরিচ্ছন্নতা কার্যক্রম, হাত ধোয়া কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
মন্তব্য করুন