শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে কালি দেওয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি ও জুলাইযোদ্ধা আ ন ম আয়াসসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।
এ সময় আ ন ম আয়াসসহ তিনজনকে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার।
তিনি বলেন, শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ায় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা এখন থানায় আছেন।
এর আগে শিল্পকলা একাডেমি সংলগ্ন দেয়ালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি আঁকা নিয়ে সমালোচনা দেখা যায়। বাংলাদেশের গুণী ব্যক্তিত্বদের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের তিন সাহিত্যিক ও চলচ্চিত্রকারের ছবি স্থান পেয়েছে ওই দেয়ালচিত্রে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ বলছেন, তালিকায় বাংলাদেশের আরও অনেক গুণী ব্যক্তিত্বকে রাখা যেত। একই ধরনের দেয়ালচিত্র পশ্চিমবঙ্গে আঁকা হলে সেখানে বাংলাদেশের গুণী ব্যক্তিদের স্থান দেওয়া হতো কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পাশাপাশি দেয়ালচিত্রে নারী ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
মন্তব্য করুন