ইব্রাহিম আকতার আকাশ: ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে মুফতি বশিরউল্লাহ নামে এক ব্যক্তির রোপণ করা ৬০টি সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মুফতি বশিরউল্লাহর অভিযোগ, আলীগাঁও এলাকায় তার ২০ শতাংশ জমিতে প্রায় শতাধিক সুপারি গাছ রয়েছে। ওই জমি নিয়ে স্থানীয় রবিউলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে রবিউল তার জমিতে থাকা ৬০টি সুপারি গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, এর আগেও ওই সম্পত্তিতে থাকা একাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে গাছ কাটার অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রবিউলকে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন