নিজস্ব প্রতিবেদক, ভোলা: কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় কৃষকদের উৎসাহিত করতে ভোলা সদর উপজেলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ভোলা সদর উপজেলার মোট ৫ হাজার কৃষকের মাঝে পর্যায়ক্রমে উন্নত জাতের আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, পাটের বীজ, বিভিন্ন কৃষি উপকরণ এবং বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. শামীম রহমান বলেন, "কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকদের আরও বেশি উৎপাদনে এগিয়ে আসতে হবে।"
কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে গতি আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার হবে।
মন্তব্য করুন