মো. মামুন, দুলারহাট: জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দেওয়া ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪) আর ফিরবেন না। মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত আনাস ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন ২১ নম্বর আহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আনাস। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে তিন বছর আগে ২০২৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আনাস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে তাঁকে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ স্বজনরা। তাঁর মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মন্তব্য করুন