দুলারহাট থানা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চাকরির জন্য নেওয়া টাকা ফেরতের দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন এক ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবারের সদস্যরা। শনিবার সকাল থেকে বিদ্যালয়ে তালা ঝুলে থাকায় সব শ্রেণির পাঠদান বন্ধ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক হিসেবে বিনা বেতনে দায়িত্ব পালন করে আসছেন মো. নাজিম। তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন নাজিম। তবে পরবর্তীতে ওই পদে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়।
এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে শিক্ষক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভুক্তভোগী শিক্ষকের বি.পি.এড সনদ না থাকায় তাকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। এ কারণে ক্ষতিপূরণ হিসেবে তাকে ১৫ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য তিন মাস সময় নির্ধারণ করা হয়েছিল।
ভুক্তভোগী পরিবারের দাবি, নির্ধারিত সময় ৩০ সেপ্টেম্বর পার হয়ে গেলেও টাকা পরিশোধ করা হয়নি। এমনকি প্রধান শিক্ষক মোবাইল ফোন বন্ধ করে রাখায় তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। পরে নিরুপায় হয়ে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন তারা।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ কবির বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া কোনো সমাধান হতে পারে না। টাকা লেনদেনের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।”
এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মন্তব্য করুন