চ্যানেল ভোলা: ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোলায় ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি, ভোটার এলাকা পরিবর্তন ও তথ্য সংশোধনের জন্য জেলা নির্বাচন অফিসে সেবাগ্রহীতাদের ভিড় বাড়ছে। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসব সেবা নিতে আসছেন। তবে জনবল সংকটের কারণে কিছু কাজে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। অন্যদিকে, সেবা নিতে এসে হয়রানি ও দালালদের টাকা দাবির অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।
সম্প্রতি ভোলা জেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেবা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। কেউ নতুন ভোটার হতে, কেউ অন্য জেলা থেকে ভোলায় ভোটার এলাকা স্থানান্তর করতে, আবার কেউ নিজ এলাকার এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ভোটার ঠিকানা পরিবর্তন করতে এসেছেন।
চট্টগ্রাম থেকে ভোলায় ফিরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করতে আসা শিরিনা বেগম বলেন, পরিবার নিয়ে চট্টগ্রামে ছিলেন। এখন ভোলায় ফিরে আসায় ভোটার ঠিকানা পরিবর্তন করতে এসেছেন।
একইভাবে ৭ নম্বর ওয়ার্ড থেকে ২ নম্বর ওয়ার্ডে ভোটার এলাকা পরিবর্তনের জন্য এসেছেন কহিনুর বেগম। আর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া থেকে স্ত্রীকে নতুন ভোটার হিসেবে নিবন্ধন করাতে এসেছেন আবদুল সালাম।
সেবা নিতে এসে ভোগান্তির অভিযোগ করে আবদুল সালাম বলেন, কাজের জন্য বিভিন্ন টেবিলে ঘুরতে হচ্ছে। দালালরা টাকা দাবি করছে। প্রয়োজনীয় সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁকে।
সিলেট থেকে ভোলায় ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করতে আসা ছগির আহম্মেদও একই ধরনের অভিযোগ করেন। তাঁর ভাষ্য, অফিসে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এক টেবিল থেকে অন্য টেবিলে ঘোরানো হচ্ছে। পাশাপাশি দালালদের টাকা দাবির অভিযোগও করেন তিনি।
এ বিষয়ে ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল-হাদী বলেন, জনবল সংকট থাকলেও ভোটার তালিকা হালনাগাদসহ সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু রয়েছে। প্রতিদিন নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার এলাকা পরিবর্তন ও তথ্য সংশোধনের জন্য মানুষ আসছেন। তাঁদের প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর অফিসে কোনো দালাল নেই বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জনবল সংকটের কারণে কিছু কাজে বিলম্ব হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য তাঁরা দুঃখিত।
নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পরিকল্পনা রয়েছে। ২৭ মে’র মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ঠাকুরগাঁও জেলা বাদে দেশের ৬৩টি জেলার প্রায় ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত বাস্তবায়ন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের ওপর নির্ভর করবে।
নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা-সংক্রান্ত সেবার চাহিদা বাড়ায় দ্রুত আবেদন নিষ্পত্তি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেবাগ্রহীতাদের প্রত্যাশা, প্রয়োজনীয় নির্দেশনা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভোগান্তি ছাড়াই তাঁরা কাঙ্ক্ষিত সেবা পাবেন।
মন্তব্য করুন