মো. মামুন হাজী, লালমোহন: ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির ছয়টি স্টল পরিদর্শন করেন। পরে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা সহকারী বনরক্ষক মো. মনিরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বেশি বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সোলায়মান জমাদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ৯ আগস্ট থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সাশ্রয়ী মূল্যে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা পাওয়া যাচ্ছে।
মন্তব্য করুন