মো. ইউনুস, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিনে মোবাইল দেখা নিয়ে বাবা ও সৎ মায়ের বকাবকিতে অভিমান করে টানা দুই দিন খাবার না খাওয়ার পর নাজমুন করিমা (১২) নামের এক পঞ্চম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন করিমা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশু নাজমুন কারিমা উপজেলার শম্ভুপুর ইউনিয়নের পশ্চিম চাঁপরী গ্রামের রিয়াজ মিয়ার মেয়ে এবং পশ্চিম চাঁপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিষয় নিয়ে বাবা মো. রিয়াজ ও সৎ মায়ের বকাবকির পর অভিমান করে নাজমুন টানা দুই দিন কোনো খাবার গ্রহণ করেনি। মঙ্গলবার সকালে সে বিদ্যালয়ে যায়। সেখানে একটি কলা খাওয়ার পর কয়েকবার বমি করলে শিক্ষকরা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনরা তাকে দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসান শাহরিয়ার জানান, দুপুর শিশুটিকে হাসপাতালে আনা হয়। তখন তার রক্তচাপ কম ছিল এবং পেটে ব্যথার অভিযোগ ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন