মো. সবুজ, ভোলা: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার উদ্যোগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার সংলগ্ন হাটখোলা জামে মসজিদ থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার বোর্ডিং মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’, ‘বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন’, ‘জমে থাকা পানি অপসারণ করুন’—সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। এ সময় বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসাধারণকে সচেতন করে লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলা পৌর জামায়াত এ র্যালির আয়োজন করে।
র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা রশিদ, মাওলানা আব্বাস উদ্দিন, জেলা অর্থ সম্পাদক মো. বেলায়েত হোসেন, মাওলানা জাকির হোসাইন, পৌর নায়েবে আমির মোহাম্মদ রুহুল আমিন, পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেনসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।
তারা বলেন, নিয়মিত জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার প্রজনন অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন