মো. মেহেদী হাসান, মনপুরা:এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন। কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফল প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের উদ্দেশে এ বার্তা দেন এমপি নয়ন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
বার্তায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের আগামীবার আরও ভালো প্রস্তুতি নিতে হবে। ব্যর্থতাকে জীবনের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘জীবন চলমান, ব্যর্থতা অনেক সময় সফলতার প্রাণশক্তি হয়ে ওঠে।’
শিক্ষার্থীদের সাফল্য ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে শিক্ষকদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এ জন্য শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এমপি নয়ন।
পোস্টের শেষাংশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও সফল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান।
এমপি নয়নের এমন বার্তায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বার্তার প্রশংসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
এমপি নয়নের ফেসবুক পোস্টের বক্তব্য:
“চরফ্যাশন-মনপুরার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল তোমাদের কাছে পৌঁছে গেছে। উত্তীর্ণ প্রিয় শিক্ষার্থীদের সকলকেই অভিনন্দন এবং যারা অকৃতকার্য হয়েছো তাদের প্রতি একটাই অনুরোধ, আগামীবারের প্রস্তুতিটা যেন আরও ভালো হয়। জীবন চলমান, ব্যর্থতা অনেক সময় সফলতার প্রাণশক্তি হয়ে ওঠে। সকলের জন্য শুভকামনা রইলো।
সম্মানিত শিক্ষকবৃন্দকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, একজন ছাত্রের সফল হওয়া বা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
আসুন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মানবিক ও সফল রাষ্ট্র বিনির্মাণে সকলেই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করি। আমীন।”
মন্তব্য করুন