মো. সবুজ:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে প্রচারিত বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ
সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, "জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা অনেক কঠিন।"
সোমবার
(২৭ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার
আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যটি মূলত দলকে টিকিয়ে রাখার একটি রাজনৈতিক বক্তব্য। এর বাস্তব কোনো
ভিত্তি নেই।
জুলাই
আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যে রক্ত, যে
আত্মত্যাগ এবং মানুষের যে মানসিকতা তৈরি
হয়েছে, তা অস্বীকার করে
রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।"
দুই
বছর আগের আন্দোলনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, "দুই বছর আগে ঠিক এই সময়ে আমরা
রিমান্ডে ছিলাম। অনেকেই একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।"
খাল
খনন প্রকল্প নিয়ে তিনি বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসন ও স্থানীয় সুবিধাভোগীরা
যদি মনে করেন খাল যথাযথভাবে খনন হয়নি, তবে একই বরাদ্দের মধ্যেই ঠিকাদারকে পুনরায় কাজ সম্পন্ন করতে হবে।
তিনি
আরও বলেন, ভোলা সদর উপজেলায় ইতোমধ্যে চারটি খাল খননের কাজ শেষ হয়েছে। কৃষি খাত উন্নয়নে ভবিষ্যতে আরও খাল খননের উদ্যোগ নেওয়া হবে।
এ
সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-১-এর নির্বাহী
প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ দলীয় নেতাকর্মীরা।