মো. মেহেদী হাসান, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মেহেদী হাসান ও আবদুর রহমান শোয়েব গুরুতর আহত হয়েছেন। হামলার সময় তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেছেন তারা।
শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলী ইউনিয়নের কবির বাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের অভিযোগ, ভূমিদস্যু খালেকের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
সাংবাদিকরা জানান, চর কলাতলীতে ভূমিহীনদের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে তারা সেখানে যান। এ সময় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে বলেও অভিযোগ করেন তারা।
আহত দুই সাংবাদিক হলেন—দৈনিক তৃতীয় মাত্রা, সকালের সময় ও চ্যানেল ভোলার মনপুরা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান এবং দৈনিক ভোলারবাণী ও দৈনিক জনবাণী পত্রিকার সাংবাদিক আবদুর রহমান শোয়েব। তাদের বাড়ি মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও চরযতিন গ্রামে।
আহত সাংবাদিকরা জানান, চর কলাতলী থেকে ফিরে তারা এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেবেন। একই সঙ্গে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভোলা জেলা প্রেসক্লাবের সম্পাদক ও সময় টেলিভিশনের ভোলা প্রতিনিধি নাছির লিটন, মনপুরা প্রেসক্লাবের সভাপতি অহিদুর রহমান ও সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল, মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, “দুই সাংবাদিকের ওপর হামলার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন