চ্যানেল ভোলা: ভোলা সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা বরিশাল বিভাগের সেরা গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।
গত ২২ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর গত ২৪ সেপ্টেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশ নেন সাহিদা সুমনা।
এর আগেও শিক্ষাক্ষেত্রে একাধিক স্বীকৃতি অর্জন করেছেন তিনি। গত বছর জেলা পর্যায়ে গুণী শিক্ষক এবং ২০১৭ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন সাহিদা সুমনা। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি সরকারি প্রতিনিধিদলের সদস্য হয়ে গণচীন সফরের সুযোগ পান।
এছাড়া তাঁর নেতৃত্বে ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।
শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন সাহিদা সুমনা। ২০০০ সালে নারী সাংবাদিক হিসেবে ম্যাস লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) ‘প্রাকৃতজন পুরস্কার’ অর্জন করেন তিনি। পরবর্তীতে এমএমসির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণও দিয়েছেন।
ঝালকাঠির বিশিষ্ট ব্যক্তি আবুল কালাম আজাদ (আবু মিয়া)-এর কন্যা সাহিদা সুমনা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে বিএড ও সি-ইন-এড ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ভোলা জেলা শিক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে।
সাহিদা আক্তার সুমনার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন