দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করায় প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং গাছের সুপারি ও নারিকেল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার। গত ১৯ অক্টোবর উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জহির উদ্দিন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা কবির, জসিম ও ফজলুল করিম গং পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া প্রায় ৫০ থেকে ৫১ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তবে একই এলাকার বাসিন্দা মো. আমজাদ হোসেন ওই জমির মালিকানা দাবি করে তাঁদের উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে মো. কবির হোসেন গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে আমজাদ হোসেন, এমরান হোসেন, জোবায়ের হোসেন ও মঞ্জু বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করে বিজ্ঞ দেওয়ানি আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর দেওয়ানি মোকদ্দমা নং-৬৫/২৬।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আদালতে মামলা দায়েরের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে প্রধান বিবাদী মো. আমজাদ হোসেন লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের দখলে থাকা বসতঘরে হামলা চালান। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাশাপাশি বাড়ির গাছ থেকে সুপারি ও নারিকেল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
ঘটনার সময় বাড়িতে থাকা নারী ও পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) রাজীবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে মো. আমজাদ হোসেন হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “তারা নিজেদের ঘর নিজেরা ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। কবির গংরা আমাদের কাছ থেকে জমি কিনলেও তাঁরা যে জায়গা দখল করে আছেন, সেখানে জমি পাবেন না। তাঁরা অন্য জায়গায় জমি পাবেন। তাই তাঁদের ওই জমি ছেড়ে দিতে বলেছি। আদালতে মামলা হয়েছে কি না, তা আমি জানি না।”
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন