জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাশেম শাহ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের বিভিন্ন পর্যায়, সংঘর্ষের ঘটনাবলি এবং দেশের ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বক্তারা শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর মনোযোগের সঙ্গে আলোচনা উপভোগ করেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন