এইচ এম নোমান, শশিভূষণ: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে আব্দুল হান্নান (৩০) নামে তিন সন্তানের এক জনকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আট কপাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, হান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ধারদেনা করে তার পেটে অস্ত্রোপচার করানো হয়। অস্ত্রোপচারের পর অতিরিক্ত ওষুধ সেবনের কারণে বিভিন্ন সময় তার মানসিক সমস্যা দেখা দিত বলে পরিবারের সদস্যরা জানান। পরবর্তীতে অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
নিহতের মা জানান, ছেলের শারীরিক ও মানসিক অবস্থার কারণে পরিবারের সদস্যরা তাকে সবসময় নজরদারিতে রাখতেন। ঘটনার আগের রাতেও তিনি ছেলের সঙ্গে ঘুমিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে পাশে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির দক্ষিণ পাশে তাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুল হান্নান এক স্ত্রী ও তিন ছেলে সন্তান রেখে গেছেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে চ্যানেল ভোলাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন