চ্যানেল ভোলা: ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ ও দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ন থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ প্রকাশিত হয়। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
প্রতিবেদকের হাতে আসা প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের হিসাব নির্ধারণ করতে দেখা যায়। ভিডিওতে তিনি ক্যালকুলেটরে হিসাব করে একাধিক প্রকল্পের জন্য কমিশনের পরিমাণ নির্ধারণ করছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথোপকথন করছেন বলে অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বাবুল চন্দ্র রায়। তার দাবি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ না করেই বিল নিতে এসেছিলেন। সে কারণেই এমন কথাবার্তা হয়েছে।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা বলেন, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে এবং স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ভিডিও প্রকাশের পরপরই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন