চ্যানেল ভোলা:ধানমন্ডি-৩২ এলাকায় ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও প্রচার সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। অতীতেও জামায়াতের কোনো পর্যায়ের কর্মী সাংবাদিকতার স্বাধীনতায় বাধা সৃষ্টি করেনি এবং ভবিষ্যতেও করবে না।
দেলাওয়ার হোসেন আরও বলেন, হামলার ঘটনায় যদি সংগঠনের কোনো সদস্য বা কর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি জামায়াতের কর্মসূচিতে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার তদন্তে ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে তার কাছে যান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ও তদন্ত কমিটি গঠনের ঘোষণা এলো।
মন্তব্য করুন