মোঃ হাসান ফরাজী, বোরহানউদ্দিন (ভোলা): নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ভোলার বোরহানউদ্দিনের শিক্ষার্থী আদনান বিন ইউসুফ। ধারাবাহিক এই সাফল্যের মধ্য দিয়ে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
আদনান আল-হিকমাহ রেসিডেনশিয়াল মডেল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ইবতেদায়ী ‘খ’ গ্রুপের রচনা প্রতিযোগিতায় গত ২২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে। এরপর ৭ অক্টোবর জেলা পর্যায়ে এবং সর্বশেষ ২৫ অক্টোবর বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করে নিজের মেধা ও লেখনীর দক্ষতার পরিচয় দেয়।
আদনান বিন ইউসুফ কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মো. ইউসুফের ছেলে। তার এই ধারাবাহিক সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আদনানের এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। উপজেলা থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়েও সে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।
মন্তব্য করুন