আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে আবেদন ছাড়াই ৩ ভোটারের এলাকা পরিবর্তন, তদন্তের দাবি

 

Brother IT Digital

দুলারহাট থানা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচন কার্যালয়ে কোনো আবেদন ও মোবাইল ফোনে ওটিপি (OTP) যাচাই ছাড়াই একাধিক ভোটারের ভোটার এলাকা পরিবর্তনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগের পর প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কয়েক ঘণ্টার মধ্যে তাদের ভোটার এলাকা আবার আগের ইউনিয়নে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ১০ সেপ্টেম্বর দুপুরে চরফ্যাশন উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।

চ্যানেল ভোলার অনুসন্ধানে জানা গেছে, চরফ্যাশন উপজেলার ১০ নম্বর হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এ পর্যন্ত চারজন প্রার্থী আত্মপ্রকাশ করেছেন। তাদের মধ্যে তিনজনের ভোটার এলাকা তাদের অজান্তে ও কোনো ধরনের সম্মতি ছাড়াই অন্য ইউনিয়নে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মেম্বার পদপ্রার্থী ও হাজারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসনাইন মঞ্জু জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল শহীদ প্রথম বিষয়টি জানতে পারেন। বিষয়টি সমাধানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও সমাধান না পেয়ে তিনি অন্য প্রার্থীদের বিষয়টি জানান। পরে আব্দুল শহীদ জানতে পারেন, তার নিজের ভোটার এলাকাও পরিবর্তন করে জাহানপুর ইউনিয়নে নেওয়া হয়েছে।

বিষয়টি শুনে সন্দেহ হলে হাসনাইন মঞ্জু অনলাইন নির্বাচন সার্ভারে নিজের তথ্য যাচাই করেন। সেখানে তিনি দেখতে পান, ১০ নম্বর হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়া সত্ত্বেও তার ভোটার এলাকা পরিবর্তন করে জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

পরে উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করলে কর্মকর্তা-কর্মচারীরা জানান, চরফ্যাশন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সজিব নামের এক ব্যক্তির আবেদনের ভিত্তিতে এ স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগীদের প্রশ্ন, একজন ভোটারের নিজের ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের ক্ষেত্রে যেখানে মোবাইল ফোনে ওটিপি যাচাই, জাতীয় পরিচয়পত্র, বিদ্যুৎ বিল এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাগরিক সনদের মতো নথি প্রয়োজন, সেখানে তৃতীয় কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে কীভাবে তিনজন প্রার্থীর ভোটার এলাকা পরিবর্তন করা হলো?

ঘটনার পর হাসনাইন মঞ্জু উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমিক রহমানকে সরাসরি না পেয়ে মুঠোফোনে বিষয়টি জানান। তাঁর দাবি, উপজেলা নির্বাচন কর্মকর্তা আগামী রোববারের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে প্রশাসনের তৎপরতায় প্রায় তিন ঘণ্টার মধ্যে কোনো প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই তাঁর ভোটার এলাকা পুনরায় হাজারীগঞ্জে ফিরিয়ে আনা হয় বলে জানান তিনি।

হাসনাইন মঞ্জু বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে ভোট দিয়েছেন। তাঁর প্রশ্ন, আবেদন ছাড়া কীভাবে তাঁকে পাশের জাহানপুর ইউনিয়নের ভোটার করা হলো? এ ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণ মানুষের ভোটার এলাকা স্থানান্তর বা সংশোধনের আবেদন দীর্ঘদিন ঝুলে থাকে। অথচ কোনো বৈধ নথি ছাড়া কয়েক ঘণ্টার মধ্যে ভোটার এলাকা পরিবর্তন এবং পরে তা আবার আগের এলাকায় ফিরিয়ে আনার ঘটনায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এদিকে, গত ১০ সেপ্টেম্বর চরফ্যাশন নির্বাচন কার্যালয়ের ভেতরে লাইভে এসে ঘটনার প্রতিবাদ করেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, আসন্ন নির্বাচন থেকে যোগ্য প্রার্থীদের ছিটকে ফেলতে নির্বাচন কার্যালয়ের অসাধু একটি চক্র অর্থের বিনিময়ে এ ধরনের কাজ করে যাচ্ছে।

একটি সূত্রের দাবি, চরফ্যাশন নির্বাচন কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সাদ্দাম বকশী (মো. সাদ্দাম) নামের এক কর্মচারী জড়িত। তিনি ভোলার লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ‘স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সেখানে দায়িত্ব পালন না করে চরফ্যাশন নির্বাচন কার্যালয়ে কর্মরত থেকে নির্বাচনের সময় বিভিন্ন অনিয়ম, নির্বাচনী কর্মকর্তা নিয়োগ ও ভোটার স্থানান্তরের মতো কাজে জড়িত থেকে অর্থ নেন বলে সূত্রটির দাবি।

সূত্রটির আরও দাবি, সাদ্দাম বকশীকে চরফ্যাশন নির্বাচন কার্যালয় থেকে সরিয়ে দিলে অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। তবে এসব অভিযোগের বিষয়ে সাদ্দাম বকশীর বক্তব্য পাওয়া যায়নি।

চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ হোসেন বলেন, একজন ভোটারকে তাঁর আবেদন ছাড়া এবং তাঁর অজান্তে অন্য এলাকায় স্থানান্তরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে একজন নাগরিক তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ভোটাধিকার প্রয়োগ একজন নাগরিকের অধিকার। একজন ভোটার কোন এলাকায় থাকবেন এবং ভোটার এলাকা পরিবর্তন করবেন কি না, সেটি তাঁর ব্যক্তিগত ইচ্ছার বিষয়। কোনো ব্যক্তির আবেদন ছাড়া এবং তাঁকে না জানিয়ে ভোটার এলাকা অন্যত্র পরিবর্তন করা গুরুতর অনিয়ম।

তিনি বলেন, তদন্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের দায়িত্বহীনতা প্রমাণিত হলে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী দায়িত্ব-কর্তব্যে অবহেলা ও অসদাচরণের দায়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। বেসরকারি পর্যায়ের কেউ জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে কোনো ব্যবস্থা নেওয়ার আগে সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমিক রহমান চ্যানেল ভোলাকে বলেন, ভুক্তভোগী নিজে ভোটার স্থানান্তরের আবেদন করেননি। তবে তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দুষ্ট প্রকৃতির কেউ আবেদন করেছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ভোটার স্থানান্তরের আবেদন নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যালয়ের কেউ এ অনিয়মে জড়িত থাকলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ভোটারকে তাঁর আবেদন ছাড়া অন্য এলাকায় স্থানান্তরের ঘটনাটি তিনি অবগত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন: বরকত উ

1

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

2

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি : আসিফ ন

3

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

4

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শ

5

চরফ্যাশনে সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগা

6

দিল্লির রাজপথে ঢাকার প্রতিধ্বনি: মোদির ভবিষ্যৎ কোন পথে?

7

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

8

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি

9

আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো

10

নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির

11

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

12

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

13

খুলনায় শিক্ষকের মারধরে গুরুতর আহত শিশু, মস্তিষ্কে রক্ত জমাট

14

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারে

15

পদ্মা সেতুতে বাস উল্টে আহত ৮ যাত্রী

16

সারের কৃত্রিম সংকট একটি রাজনৈতিক দলের সাজানো নাটক: প্রতিমন্ত

17

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

18

ইলিশ ধরতে-কেনাবেচাতে ২২ দিনের নিষেধাজ্ঞা

19

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

20