ভোলার মনপুরায় ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব (২০) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।
মো:মেহেদী হাসান,মনপুরা: বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন এলাকার ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ফকিরহাট বাজার এলাকায় রাকিবকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান তারা। পরে স্থানীয়রা তাকে আটক করে মনপুরা থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
আটক রাকিব মনপুরার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মাদকসহ ওই যুবককে হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন