মেহেদী হাসান, মনপুরা: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নুরনাহার নামে এক নারীর বিরুদ্ধে মাদক, অসামাজিক কর্মকাণ্ড, মানুষকে বিভিন্নভাবে ফাঁসিয়ে অর্থ আদায়সহ নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার হাজীরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসী। এতে ইউনিয়নের ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীদের অভিযোগ, নুরনাহার বেগম দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, নারী দ্বারা অসামাজিক কর্মকাণ্ড, পুরুষদের ফাঁদে পেলে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তার এমন কর্মকান্ডে এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাদের দাবি, ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠছে নুরনাহার বেগম।
স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, নুরনাহারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নুরুজ্জামান পাটোয়ারী অভিযোগ করে বলেন, নুরনাহারের অসামাজিক কর্মকাণ্ডের কারণে পরিবার নিয়ে স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। সে জঘন্য থেকে জঘন্যতম অপরাধ করতে দ্বিধা করেন না।
স্থানীয় মসজিদের ইমাম শাখাওয়াত হোসেন অভিযোগ করেন, নুরনাহার বিভিন্ন কৌশলে মানুষকে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন। একই ধরনের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন রোকেয়া বেগম, হাসিনা বেগম ও মরিয়ম বেগমসহ কয়েকজন নারী।
মানববন্ধনে বক্তারা বলেন, নুরনাহারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে মানববন্ধনে ওঠা অভিযোগগুলোর বিষয়ে জানতে নুরনাহারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তার রিসিভ করেননি।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন