চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে লেসন লার্নিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চর কুকরি-মুকরির অ্যাডাপটেশন লার্নিং সেন্টারে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মশালার আয়োজন করে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অর্থায়নে পরিচালিত অ্যাডাপটেশন লার্নিং সেন্টারের কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন ইউএনডিপির ন্যাশনাল কো-অর্ডিনেটর ড. মোজাম্মেল হক। এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক মো. জাকির হোসেন। কর্মশালা সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) অতিরিক্ত পরিচালক ডা. মো. খলিলুর রহমান।
কর্মশালায় দেশের ১০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী এবং জলবায়ু অভিযোজন বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্ভাবন, টেকসই জীবিকায়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও অভিযোজন কৌশল নিয়ে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, এ ধরনের লেসন লার্নিং কর্মশালার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য ও স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞানকে একত্রিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণে কার্যকর অবদান রাখাই তাদের লক্ষ্য।
মন্তব্য করুন