মো. মেহেদী হাসান, মনপুরা: চরফ্যাশন-মনপুরা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় সফরে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার তিনি মনপুরায় আসবেন।
এমপির আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন পর সংসদ সদস্যের সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা।
দলীয় নেতাকর্মীরা জানান, নূরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। তাঁর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হোসেন হাওলাদার বলেন, “এমপি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের আগমন আমাদের নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তাঁর নেতৃত্বে মনপুরার মানুষের পাশে থেকে দলীয় কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার প্রত্যয় রয়েছে আমাদের।”
উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, “প্রিয় নেতা ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়নের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। আমরা আশা করি, তাঁর এই সফরের মাধ্যমে মনপুরার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে সামনে আসবে।”
উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী বলেন, “নূরুল ইসলাম নয়ন ভাই মনপুরার মানুষের জন্য একজন প্রত্যাশার প্রতীক। তাঁর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব ও সহযোগিতায় মনপুরার উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, দ্বীপ উপজেলা মনপুরার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা রয়েছে। এর মধ্যে যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ, নদীভাঙন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন অন্যতম। এসব বিষয়ে সংসদ সদস্যের কাছে তাঁদের প্রত্যাশাও রয়েছে। এবারের সফরে এসব সমস্যা সমাধানে তিনি কী উদ্যোগ ও আশ্বাস দেন, সেদিকেও নজর রয়েছে সাধারণ মানুষের।
সব মিলিয়ে সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের দ্বিতীয়বারের মতো মনপুরা সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
মন্তব্য করুন