জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নের অবহেলিত ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দক্ষিণ আইচা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. সুমাইয়া তাসনিম (এমবিবিএস)। এ সময় দক্ষিণ আইচা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ইকবাল হাওলাদারসহ প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ আইচা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ইকবাল হাওলাদার চ্যানেল ভোলাকে বলেন, “গত সপ্তাহে চ্যানেল ভোলায় ‘চর কুকরি-মুকরি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি দেখার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত মাসে একবার হলেও চর কুকরি-মুকরির মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করব। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ।”
উল্লেখ্য, সম্প্রতি চর কুকরি-মুকরিতে এক প্রসূতি মৃত সন্তান প্রসবের প্রায় তিন ঘণ্টা পর মারা যান। নিহতের স্বজনরা স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত মিডওয়াইফের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন। পরবর্তীতে চ্যানেল ভোলার অনুসন্ধানী প্রতিবেদনে ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটের বিষয়টি তুলে ধরা হয়।
স্থানীয়দের ধারণা, ওই প্রতিবেদন সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করায় এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের সূচনা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি চর কুকরি-মুকরি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় জনবল, চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
মন্তব্য করুন