রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে রুশ ডিজেল সরবরাহ বাড়ানোর ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি। ফলে দরপতনের পরও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরেই রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৪ মিনিটের দিকে প্রকাশিত রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৪ ডলার বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ১৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৫৪ ডলার বা ১ দশমিক ৬৮ শতাংশ কমে দাঁড়ায় ৯০ দশমিক ৩১ ডলারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার জানান, যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে রাশিয়া। এ পরিমাণ প্রায় ২২ লাখ ৫০ হাজার ব্যারেলের সমান। এ ছাড়া নভেম্বরে আরও ৫ লাখ টন এবং এর পরপরই অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল সরবরাহের কথাও জানান তিনি।
জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের সম্ভাবনাও বাজারে স্বস্তি ফিরিয়েছে। রোববার ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ বিষয়ে যুদ্ধবিরতির বিস্তারিত শর্ত জানার অপেক্ষায় রয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, রুশ ডিজেলের সরবরাহ বৃদ্ধি এবং জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সম্ভাবনা তেলের বাজারে সরবরাহসংকটের আশঙ্কা কিছুটা কমিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালিতে নৌযানে হামলার ঝুঁকি এখনো বাজারের জন্য বড় উদ্বেগ। পাশাপাশি রাশিয়া-ইউক্রেনের সম্ভাব্য সমঝোতা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
মন্তব্য করুন