মো. সবুজ, ভোলা: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় ছাই জাল বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ইয়াসমিন বেগম (৪০) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে আকবর মুন্সি (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ওই নারীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইয়াসমিন বেগম ওই এলাকার জহির ইসলামের স্ত্রী। অপরদিকে, অভিযুক্ত আকবর মুন্সি একই এলাকার সিদ্দিক মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাই জাল বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আকবর মুন্সির সঙ্গে ইয়াসমিন বেগমের বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় আকবর ক্ষিপ্ত হয়ে ইয়াসমিন বেগমকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত ইয়াসমিন বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় তাঁর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।
ইয়াসমিন বেগমের স্বামী জহিরুল ইসলাম বলেন, আমার স্ত্রী'র কোন অন্যায় থাকলে তারা আমার কাছে বলতে পারতো। কিন্তু আমার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা পেয়ে মারধর করেছে আকবর। এসময় তিনি এঘটনার উপযুক্ত বিচারের দাবী জানান।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আকবরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ করেননি। তবে আকবরের বাবা সিদ্দিক মুন্সি জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন