বিশেষ প্রতিনিধি: রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬-এর র্যালিতে দ্বীপজেলা ভোলার জলবায়ু ঝুঁকি, নদীভাঙন ও উপকূলীয় মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন ভোলার সন্তান ও জাতীয় পর্যায়ের যুব সংগঠক মো. শাফায়াত হোসেন সিয়াম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত র্যালিতে তিনি ভোলার নদীভাঙন মোকাবিলায় সরকারের চলমান উদ্যোগের পাশাপাশি মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীর সংরক্ষণে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান।
শাফায়াত হোসেন সিয়াম বলেন, ভোলার নদীভাঙন রোধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে মেঘনা ও তেঁতুলিয়ার তীর সংরক্ষণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে আরও জোরালো উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও কারিগরি সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ভোলা বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দ্বীপ জেলা। নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছরই এখানকার মানুষ বসতভিটা, কৃষিজমি ও জীবিকা হারানোর ঝুঁকিতে পড়ছেন। ভোলার মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ গ্রহণ করা জরুরি।
বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬-এর র্যালিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা তরুণ প্রতিনিধিরা নিজ নিজ এলাকার জলবায়ু সংকট, স্থানীয় সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এতে জলবায়ু ন্যায়বিচার, স্থানীয় জনগোষ্ঠীর অধিকার এবং জলবায়ু মোকাবিলায় তরুণদের অর্থবহ অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।
ভোলার যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬-এর পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, যুব সম্পৃক্ততা ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছে।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬ দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের স্থানীয় জলবায়ু সংকট ও দাবিগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
মন্তব্য করুন