মো. সবুজ, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে মো. মাইনুদ্দিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হেলাল (৩০)কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বোরহানউদ্দিন থানা পুলিশ ও চট্রগ্রাম র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হেলাল বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই গ্রামের ফয়জুল্লাহর ছেলে এবং মাইনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মে সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামে পূর্ব শত্রুতা ও জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে মাইনুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বজলুল রহমান (৫৫) একজনকে গ্রেফতার করেন।
এছাড়াও এঘটনায় হেলালকে প্রধান আসামি করে মাইনুদ্দিনের পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এদিকে দীর্ঘদিন যাবত পলাতক থাকায় পুলিশ হেলালকে গ্রেফতার করতে পারেনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার অভিযান চালিয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে মামলার প্রধান আসামি হেলালকে গ্রেপ্তার করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তার হেলালকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন