মো. মামুন হাজী, লালমোহন (ভোলা): ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসিম মাতাব্বরের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে মরহুম বাবার কবর জিয়ারত শেষে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে অংশ নেন তিনি। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নাসিম মাতাব্বর। পাশাপাশি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
নাসিম মাতাব্বর ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং ৫ নম্বর লালমোহন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।
গণসংযোগকালে নাসিম মাতাব্বর বলেন, “আমি আপনাদের জন্য যা করছি, আমার সন্তানেরাও আপনাদের জন্য তা-ই করবে। আমি ও আমার সন্তানেরা সব সময় আপনাদের কল্যাণে কাজ করতে চাই। আজকের কর্মসূচির মাধ্যমে আপনারা আমাকে কতটা ভালোবাসেন, তা দেখিয়ে দিয়েছেন। আপনাদের যখন যা প্রয়োজন হবে, আমাকে জানাবেন। আমি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে কোনো স্বার্থ ছাড়াই আপনাদের জন্য কাজ করব। টাকা-পয়সা কিংবা জমিজমার প্রতি আমার কোনো লোভ নেই। আমি লোভী শুধু আপনাদের ভালোবাসার।”
এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাসিম মাতাব্বরের এ শোডাউন ও গণসংযোগের মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন