ইব্রাহিম আকতার আকাশ: লক্ষ্মীপুরের রামগতি ও ভোলার বোরহানউদ্দিনে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসব অভিযানে মোট ২ হাজার ২১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় মালিকদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি থানার সেকান্তর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড আউটপোস্ট রামগতি। এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৭১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। তবে পলিথিনের প্রকৃত মালিককে না পাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানা এলাকার হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বোরহানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বেইস ভোলা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক পালিয়ে যাওয়ায় তাকেও আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পলিথিন পরবর্তী সময়ে ধ্বংস করার জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন