মো. সবুজ, ভোলা: ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা বাজারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মো. জামাল তালুকদার (৩৬) নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মনির হোসেন (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (৪ অক্টোবর) রাতে ভেদুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর চটকিমারা বাজারে এ ঘটনা ঘটে।
আহত জামাল তালুকদার চর চটকিমারা এলাকার মৃত শাহাবুদ্দিন তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অপরদিকে, অভিযুক্ত মনির একই এলাকার খালেক পিটারের ছেলে।
ভুক্তভোগী জামাল তালুকদার বলেন, সোমবার রাতে দোকান বন্ধ করার সময় মনির উপস্থিত হয়ে হঠাৎ তাকে গালমন্দ করতে থাকেন। এসময় তিনি গালমন্দ করতে নিষেধ করলে মনির ক্ষিপ্ত হয়ে তাকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়ের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জামাল তালুকদার আরও বলেন, মনির হোসেনের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। পরিকল্পিতভাবে তাকে মারধর করে আহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি উপযুক্ত বিচারের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে মনির হোসেন বলেন, জামাল তালুকদার তার আত্মীয়। পারিবারিক একটি বিষয় নিয়ে কথা বলতে তার দোকানের কাছে গেলে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে জামাল সামান্য আহত হয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন