মো. সবুজ/ হাসান: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জান্নাতুল ইসলাম রাফা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যেরপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু রাফা বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার বাসিন্দা ব্যবসায়ী সোহেল মিয়ার মেয়ে। শিশুটির মা লালমোহনের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাবার মোটরসাইকেল উঠেন শিশু রাফা। তাদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে পাশের একটি সড়ক থেকে পিকআপভ্যানটি হঠাৎ মহাসড়কে উঠে এলে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিনজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু রাফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও তার বাবা-মাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান।
এদিকে ঘটনার পর স্থানীয়রা পিকআপভ্যানটি আটক করেন। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ও ঘাতক পিকআপটি আটক করে থানায় নিয়ে আসেন। তবে পিক-আপের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পিকআপভ্যানটিকে আটক করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন