মো. সবুজ/মামুন: ভোলার লালমোহনে প্রেমের বিয়ে পরিবারের পক্ষ থেকে মেনে না নেওয়ায় অভিমান করে শ্বশুরবাড়িতে বিষপান করে রায়হান (২৪) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রায়হান ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ এলাকার বসির ব্যাপারীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. মিন্টু হাজী বাড়ির হোসেন মিয়ার মেয়ে আসমা বেগমকে (২০) প্রেম করে বিয়ে করেন রায়হান। তবে বিয়ের পর থেকেই রায়হানের পরিবার এ বিয়ে মেনে নিতে রাজি হয়নি। স্ত্রীকে ঘরে তুলে সংসার করার জন্য বাবা-মাকে বারবার অনুরোধ করলেও তারা এতে সম্মতি দেননি।
পরে পরিবারের সম্মতি নিতে এবং স্ত্রীকে ঘরে তোলার আশায় গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি বোরহানউদ্দিনে যান রায়হান। সেখানে স্বজনদের সঙ্গে কথা বলেও তাদের সম্মতি না পাওয়ায় হতাশ হয়ে রোববার বিকেলে লালমোহনে শ্বশুরবাড়িতে ফিরে আসেন তিনি।
শ্বশুরবাড়িতে ফেরার কিছুক্ষণ পর সবার অজান্তে বিষপান করেন রায়হান। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালে নেওয়ার পর রায়হান কান্নাজড়িত কন্ঠে স্বজনদের উদ্দেশ্য করে বলেন, তার বাবা-মা স্ত্রীকে মেনে না নেওয়ায় তিনি বিষপান করেছেন এবং এখন তিনি বাঁচতে চান। এ কথা বলার কিছুক্ষণ পরই রায়হানের মৃত্যু হয়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রোকেয়া ইসলাম মুনিয়া বিষয়টি নিশ্চিত করে চ্যানেল ভোলাকে বলেন, রায়হানের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ার পর এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন