বোরহানউদ্দিন প্রতিনিধি: ‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, মির্জাখালু নৌ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফরিদ নক্তি।
এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বোরহানউদ্দিনের মৎস্যজীবী ও চাষিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি বলেন, জলাশয় দখল, অবৈধ জাল ব্যবহার এবং মা ও পোনা মাছ নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে। প্রাকৃতিক জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষা করা গেলে ভবিষ্যতে মাছের উৎপাদন আরও বাড়বে এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নত হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব মৎস্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি মৎস্যজীবীদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি মাছের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা মেনে চলা, অবৈধ কারেন্ট জাল ব্যবহার না করা এবং জলজ পরিবেশ রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে মৎস্য খাতে অবদান রাখায় নির্বাচিত মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন