চ্যানেল ভোলা: তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে তারেক রহমান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।
তিনি জানান, বৈঠকে তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারিত্ব, শ্রমবাজার সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে সৃষ্ট মানবিক ও অর্থনৈতিক চাপের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সংকট সমাধানে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে এবং বৈশ্বিক পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।
বৈঠক শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীদের।
মধ্যাহ্নভোজের আয়োজনে মালয়েশিয়ার খ্যাতনামা শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশন করবেন। এছাড়া দুই দেশের সংস্কৃতির সমন্বয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন