প্রিন্ট এর তারিখঃ Aug 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2026 ইং
মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

চ্যানেল ভোলা : মাদারীপুরের কালকিনি উপজেলায় রান্না ঘরের লাকড়ির মধ্যে লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে খাদিজা বেগম (২৪) নামের এক গৃহবধূ মারা গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন।
নিহত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, সকালে রান্নার জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে গেলে লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ খাদিজার হাতে ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন জানান, হাসপাতালে নেয়ার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল ভোলা মিডিয়া লিমিটেড ২০২৬