
এইচ এম নোমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহাম্মদ কমলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশাজীবী।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক আদর্শ তুলে ধরেন। তারা বলেন, বিদ্রোহী কবি নজরুল তাঁর কবিতা, গান, গল্প ও প্রবন্ধের মাধ্যমে সমাজের বৈষম্য, অন্যায় ও শোষণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করেছেন। তাঁর সাহিত্য স্বাধীনতা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রেরণা হিসেবে আজও সমানভাবে প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন দেবজ্যোতি পোদ্দার শায়ন্তী এবং কবিতা আবৃত্তি করেন আনাহিতা ইমরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।