প্রিন্ট এর তারিখঃ Aug 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
ফের বিয়ের পিঁড়িতে আমির খান, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

চ্যানেল ভোলা : বলিউড সুপারস্টার আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে এই বিয়ের সবচেয়ে আকর্ষণীয় ও ইতিবাচক দিক হলো আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এবং তাদের সন্তানেরাও বিয়েতে অংশ নেবেন।
রবিবার (৫ জুলাই) প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আমির তিনি।
এর আগে, গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির নিজেই। বিয়ের আনুষ্ঠানিক আয়োজন চূড়ান্ত হওয়ায় বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
তবে বলিউডের আর দশটা জমকালো ও জাঁকজমকপূর্ণ বিয়ের মতো এই আয়োজনে কোনো বাহুল্যতা থাকছে না।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্র জানায়, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত থাকবেন মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথি। তাদের মধ্যে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের অল্প কয়েকজন সহকর্মী থাকবেন।
এই বিয়েতে আকর্ষণীয় হয়ে উঠেছে আমিরের পূর্বের সম্পর্কগুলোর প্রতি পারস্পারিক শ্রদ্ধা ও সৌজন্য। আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এবং তাদের সন্তানেরাও এই বিয়েতে অংশ নেবেন। ফলে এটি কেবল দুজনের আইনি বন্ধন নয়, বরং পুরো পরিবারের এক হওয়ার এক বিশেষ উৎসবে পরিণত হতে যাচ্ছে।
সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও আমির তার এই ছিমছাম আয়োজনের ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো বড় উৎসবের চেয়ে পরিবারের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে ভালোবাসা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হলেও সাবেক পরিবারের সদস্যদের সঙ্গে সবসময়ই চমৎকার সুসম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা। অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে এবং তার একটি পুত্রসন্তান রয়েছে। আমিরের তিন সন্তানসহ মোট চার সন্তানই এই নতুন পথচলায় বাবা-মায়ের পাশে থেকে আনন্দ উদযাপনে শামিল হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল ভোলা মিডিয়া লিমিটেড ২০২৬