
এইচ এম নোমান চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ইব্রাহিম খলিল মুন্সি (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগম (২৮) এবং বড় ভাইয়ের স্ত্রী আরজু বেগম (৩৫)। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সির অভিযোগ, তাদের বাড়ির পাশের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি ও পুকুরে তারা মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজী, নুরুদ্দিন, রুবেল, নাসির, হারুনসহ ১২-১৩ জন সেখানে এসে জোরপূর্বক মাছ ছাড়ার চেষ্টা করেন।
তিনি দাবি করেন, এতে বাধা দিলে হামলাকারীরা দা, সেঁনি ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ভাবী আহত হন।
ইব্রাহিম খলিল আরও অভিযোগ করেন, জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ সেটি অমান্য করে দখলের চেষ্টা করছে এবং তাদের প্রাণনাশের হুমকিও দিচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কামাল মেম্বার। তিনি বলেন, "জমিটির মালিকানার বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।"
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।