প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
জাবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

চ্যানেল ভোলা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। একইসঙ্গে সাময়িক বহিষ্কারাদেশ চলাকালে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না বলেও নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জড়ো করা হয়। এরপর নবীনবরণের নামে তাদের গালিগালাজ এবং শারীরিক ও মানসিক নির্যাতন করেন অভিযুক্তরা। তাদের এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’ এর পরিপন্থী। এ কারণেই অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে নবীনদের ‘ম্যানার শেখানোর’ নামে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১২ জনকে আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা র্যাগিংয়ের কথা স্বীকার করেন। পরবর্তীতে ভুক্তভোগী নবীনদের লিখিত অভিযোগ এবং অভিযুক্তদের লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়ে প্রশাসন বহিষ্কারের এই পদক্ষেপ নেয়।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- শহীদ তাজউদ্দীন আহমদ হলের নাছিম উদ্দিন মজুমদার, আল-বেরুনী হলের মো. মাহফুজুর রহমান অন্ত, আ ফ ম কামালউদ্দিন হলের মো. ইসফাক হাদী, মওলানা ভাসানী হলের কাজী শাহ জামসেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনান, শহীদ সালাম-বরকত হলের নাইম আহমেদ সজিব ও কার্তিক চন্দ্র রায়, শহীদ রফিক-জব্বার হলের আব্দুল্লাহ মাহদী ও শুভাশীষ রায় প্রান্ত এবং নবাব সলিমুল্লাহ হলের মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান ও মো. নাইমুল হাসান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল ভোলা মিডিয়া লিমিটেড ২০২৬