
চ্যানেল ভোলা: আগামী জুলাই মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৮ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্র প্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে আরও ১৭ হাজার শিক্ষক অবসরে চলে গেছেন। তিনি (সহকারী শিক্ষক) প্রধান শিক্ষক হতে পারছেন না শুধু আদালতের একটি মামলার কারণে। মামলা হলেই আটকে যায় শিক্ষা ব্যবস্থা। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা সবার জন্য প্রয়োজন।