প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2026 ইং
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ভোলা শহরে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
ভোলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘যুবসমাজকে বাঁচান, জাতিকে বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে ভোলা শহর শাখার উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ৯টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি হাসনাইন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন শহর শাখার সেক্রেটারি তাহসান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে একটি সাইকেল র্যালি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, কালীবাড়ি রোড, টাউন স্কুল এলাকা, ভোলা সদর হাসপাতাল গেট, যুগীরগোল, উকিলপাড়া, বাংলা স্কুল মোড়, কালীনাথ রায়ের বাজার হয়ে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে। তাই মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
আয়োজকরা জানান, যুবসমাজের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক তরুণ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে সুস্থ ধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে র্যালি, গণসচেতনতামূলক প্রচারণা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।