
চ্যানেল ভোলা: মো. সবুজ, ভোলা: ভোলার দৌলতখানের মেঘনা নদীতে রহমান মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি 'রাজা ইলিশ'। মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১০ হাজার ২০০ টাকায় কিনে নেন স্থানীয় রাসেল ব্যাপারী।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছঘাটে নিলামে বিক্রি করা হয়।
জানা গেছে, গতকাল রাতে রহমান মাঝি ৯ জন মাঝিমাল্লা নিয়ে ইলিশ শিকারে নদীতে যান। এরপর জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে 'রাজা ইলিশ' টি ধরা পরে। পরে সকালে মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১০ হাজার ২০০টাকায় কিনে নেন রাসেল ব্যাপারী।
মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারী বলেন, “ঘাটে বড় ইলিশটি আসার পর অনেকেই কিনতে আগ্রহ দেখান। আমি সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছি। মাছটি বরিশালে পাঠানো হবে। ভালো দাম পেলে দুই থেকে তিন হাজার টাকা লাভ হতে পারে।”
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “মেঘনা ও তেতুলিয়া নদীতে এবার সফল অভিযান করা হয়েছে। যার ফলে জেলেরা নদীতে বড় সাইজের ইলিশ পাচ্ছেন। নিষেধাজ্ঞার বিষয়ে জেলেরা আরও সচেতন হলে বড় সাইজের ইলিশসহ ইলিশের উৎপাদন আরও বাড়বে।”