
চ্যানেল ভোলা: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকায়।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে সর্বশেষ মূল্য সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই দাম আরও কমে এ পর্যায়ে এসেছে।
বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বৃদ্ধি, ৪০ বার দাম হ্রাস এবং একবার ভ্যাট সংক্রান্ত সমন্বয় করা হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে খাঁটি স্বর্ণের দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের মূল্য নিয়মিত সমন্বয় করা হচ্ছে।